মেয়ে জন্মাবে? না ছেলে? ৫০-৫০ সম্ভাবনার তত্ত্ব খারিজ করল সমীক্ষাভিত্তিক নতুন গবেষণা

সন্তান মেয়ে হবে? না ছেলে? অঙ্কের নিয়মে সে সম্ভাবনা ৫০-৫০ শতাংশ হওয়াই স্বাভাবিক। কিন্তু এ বার সেই তত্ত্ব উড়িয়ে দিল সমীক্ষাভিত্তিক নতুন গবেষণা। জানা গেল, কিছু কিছু দম্পতির নাকি কেবলমাত্র একটি লিঙ্গের সন্তানধারণেরই প্রবণতা থাকে! বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে সেই প্রবণতাও।
কিছু ব্যক্তির ক্ষেত্রে বার বার একই লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায়। এঁরা যত বারই সন্তানধারণ করুন না কেন, দেখা যাবে প্রতি বার একই লিঙ্গের সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। গত ১৮ জুলাই ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। সমীক্ষাভিত্তিক ওই গবেষণায় আরও দেখা গিয়েছে, যে সব দম্পতির ক্ষেত্রে বার বার একই লিঙ্গের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায়, তাঁরা সকলেই তুলনামূলক ভাবে বেশি বয়সে প্রথম সন্তান নিয়েছেন। ফলে বেশি বয়সে সন্তানধারণের সিদ্ধান্ত নিলেও বার বার একই লিঙ্গের সন্তান জন্মানোর সম্ভাবনা বাড়তে পারে বলে জানাচ্ছে নতুন গবেষণা।
সাধারণ হিসাব অনুযায়ী, সন্তান ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা ৫০-৫০ হওয়ার কথা। কারণ, প্রাথমিক ভাবে, সমান সংখ্যক শুক্রাণু কোষ এক্স এবং ওয়াই যৌন ক্রোমোজোম বহন করে। আর এই এক্স বা ওয়াই ক্রোমোজোমই নির্ধারণ করে, সন্তানের লিঙ্গ কী হবে। কিন্তু তা হলে যে সব দম্পতির বার বার পুত্র কিংবা কন্যা জন্মায়, তাঁদের ক্ষেত্রে সম্ভাবনা তত্ত্বের এই সাধারণ নিয়ম খাটে না কেন? এই প্রশ্নই ভাবিয়ে তুলেছিল বস্টনে হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থের প্রজনন বিশেষজ্ঞ জর্জ চাভারোকে। সেই থেকে একই লিঙ্গের একাধিক সন্তান জন্মানোর পৃথক পৃথক উদাহরণ নিয়ে মাথা ঘামাতে শুরু করেন চাভারো ও তাঁর সহকর্মীরা।